নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার বাবুরাইল এলাকার মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: নারায়ণগঞ্জ জেলা পুলিশ।


