সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. শাকিল (৩৭)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তির হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজার মধ্যে একটি ব্যাগে ৪ কেজি, দ্বিতীয় ব্যাগে ৩ কেজি এবং তৃতীয় ব্যাগে ২ কেজি গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: নারায়ণগঞ্জ জেলা পুলিশ।


