দুপ্তারা ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রাজীবুল ইসলাম রাজীব

আড়াইহাজার প্রতিনিধি:
আসন্ন দুপ্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন মোহাম্মদ রাজীবুল ইসলাম রাজীব। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনে রাজীবুল ইসলাম রাজীব দীর্ঘদিন ধরে সক্রিয়। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, বিগত প্রায় ১৭ বছর ধরে তিনি দলীয় আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। এ সময় রাজনৈতিক মামলায় জড়ানোর পাশাপাশি কারাবরণও করেছেন বলে দাবি তাঁর।

রাজীবের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি তাঁর রাজনৈতিক নেতা জনাব নজরুল ইসলাম আজাদের নেতৃত্ব ও নির্দেশনায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। সেই অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার ভিত্তিতে তিনি এবার দুপ্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
রাজীবুল ইসলাম রাজীব মনে করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি আনুগত্য বিবেচনায় তাঁর নেতা নজরুল ইসলাম আজাদ তাঁকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আস্থা রাখবেন।
মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দুপ্তারা ইউনিয়নের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনায় রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, তরুণদের জন্য সুযোগ সৃষ্টি, নাগরিকসেবা সহজীকরণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা।

রাজীবের প্রত্যাশা, দলীয় নেতৃত্বের দিকনির্দেশনা এবং ইউনিয়নবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে কাজের সুযোগ পেলে দুপ্তারা ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন তিনি।
তবে দলীয় মনোনয়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দুপ্তারা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পাচ্ছেন এবং নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন—সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।


